নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় খাল খনন প্রকল্পে সরকারি বরাদ্দের অর্থ সাশ্রয় করে উদ্বৃত্ত ৫১,৭৩,৫০০ টাকা (একান্ন লক্ষ তেহাত্তর হাজার পাঁচশত টাকা) সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এমন উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শহিদুল ইসলাম সোহাগ সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।
গত ২৪ জুলাই ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সোহাগ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানান।
প্রকাশিত তথ্যানুযায়ী, খাল খনন প্রকল্প বাস্তবায়নের সময় সুষ্ঠু পরিকল্পনা, স্বচ্ছতা এবং ব্যয় সাশ্রয়ের মাধ্যমে সরকারি বরাদ্দের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্বৃত্ত রাখা সম্ভব হয়। পরবর্তীতে ওই উদ্বৃত্ত ৫১,৭৩,৫০০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় এমন উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ইউএনও মোঃ শহিদুল ইসলাম সোহাগের সততা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার প্রশংসা করেছেন।